বরিশাল বন্ধুমেলা নিয়ে বলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্ধুমেলায় বন্ধুদের ক্যাটওয়ার্ক
বন্ধুমেলায় বন্ধুদের ক্যাটওয়ার্ক

প্রচণ্ড কুয়াশায় নাম না-জানা একটি পাখি বসে আছে সূর্যের ওপর। সূর্যের পাঁচটি রশ্মি দিগন্ত-ডোবা রক্তিম রঙে রাঙানো, যার ভেতরে আছে আগামী জয়ের স্বপ্ন, কালকের পৃথিবী নিজেদের করার স্বপ্ন। হঠাৎ পাখিটি উড়ে গেল—বন্ধুরা মাটিতে রাখা শেষ ব্যানারটি লাগিয়ে দিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটরিয়ামের সামনে।
১৯ ডিসেম্বর বরিশাল বন্ধুমেলার কথা বলছি। বন্ধুরা পৌঁছানোর আগেই অডিটরিয়াম সেজেছিল উত্সবের সাজে। বন্ধু ইশরাত খুশির পরিকল্পনায় প্রথম আলো পত্রিকা দিয়ে মেলার প্রবেশপথ তৈরি করেন বরিশাল বন্ধুসভার বন্ধুরা। এর পাশেই বন্ধু বাবলীর তৈরি ময়ূরের শুভেচ্ছা দেয়ালিকা। ছিল ইভি টিজিংকে ‘না’, অ্যাসিডকে ‘না’, মাদককে ‘না’, আরও কত-কী!
নিবন্ধন বুথ থেকে সারিবদ্ধভাবে নিবন্ধন শেষে বন্ধু আশিকের তৈরি বটগাছে নিজেদের আঙুলের ছাপ দিয়ে বন্ধুমেলার সাক্ষী হন বন্ধুরা। সকাল সাড়ে নয়টায় বরিশাল বন্ধুসভার বন্ধুদের সঙ্গে অন্যান্য বন্ধুসভার বন্ধুরাও গলা মেলান জাতীয় সংগীতে। বন্ধুসভার বন্ধুদের হাতে ফুল ও রাখী পরিয়ে বরণ করে নেয় বরিশাল বন্ধুসভা।

সাবরিনা ইয়াসমিন
সাবরিনা ইয়াসমিন

অনুষ্ঠানের শুরুতেই মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষে কথা বলেন বনশ্রী মিত্র নিয়োগী। তিনি বলেন,নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কারণ, একজন নারী প্রথমে একজন মানুষ। বক্তব্য দেন মাত্রার পক্ষ থেকে আরিফুল ইসলাম।
সাংস্কৃতিক পর্বের সূচনা হয় বরিশাল বন্ধুসভার পরিবেশনা দিয়ে। বরিশাল বন্ধুসভার পরিবেশনার পরে মঞ্চে আসেন বন্ধু মীর লোকমান। তাঁর অসাধারণ ম্যাজিকে পতাকা হয়ে যায় লাঠি, যে লাঠি ব্যবহার করা হবে পতাকাকে রক্ষার জন্যই।
সংগীত পরিবেশন করেন পটুয়াখালীর প্রতিমা দাস, বরগুনার বন্ধু মাহিয়া তাসনিম, ঝালকাঠির মানিক লাল আচার্য ও গৌরনদীর প্রিয়া দেবনাথ।

রাজ্জাক,পূর্ণিমা রায়
রাজ্জাক,পূর্ণিমা রায়

পিরোজপুরের নাজমুন নাহার, বরগুনার পূর্ণিমা রায়, কালকিনির আবিদ জাহিন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনুপ চক্রবরতী এবং বরিশাল বন্ধুসভার মুনিয়া রহমান।
নৃত্য পরিবেশন করেন ঝালকাঠি বন্ধুসভার বন্ধু বন্যা সাহা, পটুয়াখালীর বন্ধু ইয়া হাদিয়া, কালকিনির বন্ধু তৃণা। বন্ধুদের নাচের পরে মঞ্চে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুদের ফ্যাশন শো।

বন্ধুদের রাখী পরিয়ে দেন বনশ্রী মিত্র নিয়োগী
বন্ধুদের রাখী পরিয়ে দেন বনশ্রী মিত্র নিয়োগী

খাওয়ার বিরতির পর আবার সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সমসাময়িক বিষয় নিয়ে শরীয়তপুর বন্ধুসভা পরিবেশন করে নাটিকা সিরিয়াল। এর ফাঁকে সব বন্ধুর হাতে পৌঁছে দেওয়া হয় বরিশাল বন্ধুমেলার স্মরণিকা। খালি গলায় গান পরিবেশন করেন ভোলা সভার বন্ধু রাজ্জাক। একক নৃত্য পরিবেশন করেন পিরোজপুরের সাবরিনা ইয়াসমিন, গৌরনদী সভার শৈলী বিনতে ফিরোজ।
গৌরনদীর সানজিদা মুনের একক নৃত্য এবং দলীয় নৃত্য পরিবেশন করেন শরীয়তপুর বন্ধুসভার বন্ধুরা। বরিশাল বন্ধুসভা ‘বকুল ফুল বকুল ফুল’ গানে মাতায় পুরো অডিটরিয়াম। ঝালকাঠি বন্ধুসভার কমেডি নাচের পর ‘এক পতাকা তোলো’ শিরোনামে বরিশাল বন্ধুসভার একটি অসাধারণ কোরিওগ্রাফির মাধ্যমে সাংস্কৃতিক পর্বের সমাপ্তি হয়।
সবশেষে সাইদুজ্জামান রওশন বন্ধুদের মুক্তিযোদ্ধা আজাদের মর্মস্পর্শী গল্প শুনিয়ে বরিশাল বন্ধুমেলার ইতি টানেন। অনুষ্ঠান সঞ্চালনায় সহযোগী ছিলেন বরিশাল বন্ধুসভার বন্ধু মাইসা হক ও জেসি কাঁকন রায়। ছবি তুলেছেন, মো. সাইয়ান, ওমর ফারুক ও সৈয়দ মুনির|